ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। দুই দিন আগে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছিল কিউইরা। গোড়ালির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার বেন সিয়ার্স। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের পর থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন সিয়ার্স। তবে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে সেই সমস্যা আরও বেড়ে যায়। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
আগামী কয়েক দিনের মধ্যে গায়ানায় দলের সঙ্গে যোগ দেবেন বেন লিস্টার। সিরিজের প্রথম তিনটি ম্যাচ সেখানেই অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হওয়া লিস্টার এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন এবং শিকার করেছেন ছয় উইকেট। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বশেষ ওয়ানডে সিরিজেও স্কোয়াডে ছিলেন তিনি।
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে পেস বোলারদের চোট। পিতৃত্বকালীন ছুটির পর জ্যাকব ডাফি ফিরলেও ব্লেয়ার টিকনারকে যেতে হয়েছে অস্ত্রোপচারের পথে। অন্যদিকে অতিরিক্ত কাজের চাপের কারণে বিশ্রামে রাখা হয়েছে উইল ও’রুর্কে, কাইল জেমিসন ও ম্যাট হেনরিকে।
নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন বলেছেন, বর্তমান ক্রিকেটে পেসারদের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “ভালো মানের একাধিক পেসার থাকা এখন খুব জরুরি। আমাদের সৌভাগ্য, এই মুহূর্তে নিউজিল্যান্ডে কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছে। তাই তাদের কাজের চাপ ও ফিটনেস খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
ইংল্যান্ড সিরিজের পর ইনজুরির সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন লারসেন। তিনি বলেন, “তিনটি টেস্টের পরই কয়েকজন ক্রিকেটার আবার ফিজিও টেবিলে বা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তায় চলে গেছে। তাই পেস আক্রমণের গভীরতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
বর্তমানে নিউজিল্যান্ডের পেস বিভাগে রয়েছেন জ্যাকব ডাফি, নাথান স্মিথ, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার ও বেন লিস্টার। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তার সঙ্গে আছেন মাইকেল ব্রেসওয়েল ও জেডেন লেনক্স।
১১ জুলাই গায়ানায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে।
বিডি প্রতিদিন/নাজিম