চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফভি দেশ’ নামে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মো. রুবেল (৩২), যার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলম (৪০), যার বাড়ি নোয়াখালী জেলায়। তারা দুজনই ট্রলারটির ইঞ্জিনরুমে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ট্রলারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে কয়েকজন নাবিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর আহত প্রকৌশলী আশিকুজ্জামান, তামিম রুবেল ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে পথে রুবেল ও শাহ আলম মারা যান। আহত তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস. খালেদ জানান, অগ্নিকাণ্ডে আহত নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিডি-প্রতিদিন/এআইএস