চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে ফরেস্ট গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, দুপুরে ১টার পর কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আজাদ। দুপুর ১টা ৫০ মিনিটে পরিবারের সাথে তার সর্বশেষ কথা হয়। এসময় বাবু নামের স্থানীয় এক ব্যক্তি তাকে কাজের কথা বলে ফোন করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাবু ফোন করা জানায় আজাদকে ফরেস্ট গেট এলাকায় গুলি করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, বাবু ও নিহত আজাদ সম্পর্কে মামা ভাগিনা। আরও এক ব্যক্তিসহ তারা ফরেস্ট গেট এলাকায় একটি কক্ষে ছিলেন। সেখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এআরএ