বাংলার ঐতিহ্যের অন্যতম গৌরবময় অধ্যায় ঢাকাই মসলিনের প্রাণ হিসেবে পরিচিত বিরল প্রজাতির তুলা গাছ ‘ফুটি কার্পাস’-এর সন্ধান মিলেছে গাজীপুরের কাপাসিয়ায়। উপজেলার আমরাইদ মৌজার হাইলজোরে পাওয়া এই উদ্ভিদ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা গাছ দুটি সুরক্ষার ব্যবস্থা নিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ তাঁত বোর্ড অনুসন্ধান করে কাপাসিয়ার আমরাইদ মৌজার হাইলজোরে তুলা গাছ খুঁজে পায়। পরবর্তী সময়ে ডিএনএ অ্যানালাইসিস এবং ঢাকাই মসলিন কাপড়ের ডিএনএ সিকোয়েন্স করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, এই তুলা গাছই কাঙ্ক্ষিত ফুটি কার্পাস তুলা গাছ। সেই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রায়েদ ইউনিয়ন পরিষদ গাছ দুটি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম বলেন, ‘ফুটি কার্পাস শুধু একটি তুলা গাছ নয়, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস ও গৌরবের প্রতীক। এই অমূল্য সম্পদ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছ দুটি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে গবেষণা, সংরক্ষণ এবং ঐতিহ্যভিত্তিক পর্যটনের সমন্বয়ে কাপাসিয়াকে মসলিনের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
বিডি-প্রতিদিন/এমই