রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পাশে মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কয়েক খন্ডের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটির কঙ্কাল উদ্ধার করা হয়।
সন্ধ্যার পরে এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপঝাড়ে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছে। মরদেহটির মাথার খুলির কাছে ঘাস রক্তের মতো রং ধারণ করেছে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও শরীরের কয়েক অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম