জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। তবে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে, তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনীতি করতে চায়।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভিরু কিন্তু ধর্মান্ধ নয়। এখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষই রয়েছে।
এ সময় মির্জা ফখরুল বলেন, জুলাই মাসে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি কিন্তু এখন আমাদের সামনে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এমন একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। তারা মানুষকে ভুল বুঝিয়ে, ধর্মপ্রাণ মহিলাদের ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিয়েছে। এই ভোটব্যাংক ঠিক করার দায়িত্ব দলের নেতাকর্মীদের।
তিনি আরও বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী আন্দোলন করার চেষ্টা করছে। মিথ্যাচার করে বলছে আমরা জুলাই সনদ মানি না, এটা সত্য নয়।
নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় কিন্তু দল থাকবে, সংগঠন থাকবে। দীর্ঘ ১৮ বছর আপনারা মাথা নত করেননি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি, স্থায়ী কমিটির সদস্য নুর করিমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শআ