বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর নির্মাণাধীন মসজিদের সামনে ‘সচেতন গৌরনদী উপজেলার মুসল্লীগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে জনগুরুত্বপূর্ণ স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে গত ১০ দিন ধরে কোনো কারণ ছাড়াই নির্মাণকাজ বন্ধ রয়েছে।
গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর বলেন, নির্মাণকাজের ৩০ শতাংশ সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে সরকারের বিপুল অর্থের অপচয় হবে। তাই বর্তমান স্থানেই দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
ব্যবসায়ী মজিবর রহমান বলেন, মডেল মসজিদ শুধু নামাজের স্থান নয়; এটি ইসলামি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে। তাই দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা জরুরি।
মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, নির্মাণকাজ বন্ধের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ