গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার বাবলু ওই গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে প্রদীপ কুমার বাবলু তার বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান বাবলু।
বিষয়টি নিশ্চিত করে ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, প্রদীপ কুমার বাবলু বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম