চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী নারী সীতাকুন্ড মডেল থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন।
এতে উল্লেখ করা হয়, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পাশের জুদারপাড়া এলাকার বাসিন্দা রবিউল ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ঘরে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী বলেন, ঘটনার সময় তিনি অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে স্ত্রীর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন।
সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, চুরি ও শ্লীলতাহানির অভিযোগে একজন নারী মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এমই