চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সোল্লার বাপের বাড়ি থেকে মো. জাবেদ (৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মো. জাবেদ স্থানীয় মাওলানা হাসেমের বাড়ি এলাকার বাসিন্দা মো. নাজেমের ছেলে।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে বড় স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের দুই স্ত্রী। তিনি উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন।
কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম