রংপুরে গঙ্গাচড়া উপজেলায় বিয়ের বাড়িতে যাচ্ছিলেন বাবা-ছেলে ও নাতি। পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে মারা যান। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাড়ে পাঁচ বছরের বন্ধনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানে প্রায় ১০ ঘণ্টা মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত একটার দিকে সেও পরোপারে চলে যায়। বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাই গ্রামের পল্লী চিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫) তার বাবা নির্মল চন্দ্র রায় (৭৫) ও ছেলে বন্ধন চন্দ্র রায়কে (৫) নিয়ে মোটরসাইকেলে করে বিয়ে বাড়ি তুলশীরহাটের উদ্দেশ্যে রওনা হন। তারা মন্থনা বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় মারা যান।
আহত অবস্থায় বাবা নির্মল চন্দ্র ও ছেলে বন্ধন চন্দ্র রায়কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই নির্মল চন্দ্রের মৃত্যু হয়। গুরুতর আহত নাতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বন্ধন মারা যায়।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম