ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।
জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে ময়মনসিংহ জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন ১৪তম উপজেলা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম, সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পাগলা থানা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেই দাবি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, নতুন উপজেলা গঠনের পাশাপাশি ময়মনসিংহের সঙ্গে ফোর লেন সড়ক, একাধিক ডাবল লেন সড়ক, হাসপাতাল, টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও প্রস্তাব করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ