বগুড়ায় জুলাই বিপ্লবে গুলিতে শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্যে দিয়ে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াতের ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন তারা।
এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করলাম। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল