জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। গতকাল বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী মঞ্চ রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের অজুহাত দেখিয়ে পরবর্তীতে হঠাৎ মূল্য বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, দেশের জনগণ আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা বহন করতে পারছে না। তার অভিযোগ, সরকার কৃত্রিম সংকট তৈরি করে পরে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ একটি গণমুখী সরকার প্রত্যাশা করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী অভিযোগ করেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মতপ্রকাশের কারণে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি, গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হতে হচ্ছে। তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।