রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম)-২০২৫ দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোতাহার হোসেন বলেন, অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়া আটকে রয়েছে, ফলে কর্মকর্তাদের মধ্যে হতাশা বাড়ছে। লিখিত বক্তব্যে জানানো হয়, জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম ২০২৫ সালের ১১ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি। অথচ সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের অর্গানোগ্রাম ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
এতে জনতা ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনের দাবি, বর্তমানে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তার সংখ্যা বেড়ে ৭ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। নতুন অর্গানোগ্রাম অনুমোদন হলে ব্যাংকের জনবল ১৮ হাজার ৩৭৩ জন থেকে বেড়ে ২১ হাজার ৮১৭ জন হবে। এর ফলে মানবসম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্য আসবে, নিয়মিত পদোন্নতি নিশ্চিত হবে এবং গ্রাহকসেবা ও ঋণ আদায় কার্যক্রমে গতি আসবে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত অর্গানোগ্রাম অনুমোদন এবং পদোন্নতি জট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।