বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সহসভাপতি কাজি মাওলানা মো. ইউসুফ চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি করেছে সংগঠনটি। সমিতির সভাপতি শাহ মো. নেছারুল হক, নির্বাহী সভাপতি মো. ইকবাল হোসেন ও মহাসচিব মো. সেলিম রেজা গতকাল যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তাঁরা দাবি করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউসুফ চৌধুরীকে বিনা কারণে আটক ও জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা বলেন, ২০ জুন নিকাহ রেজিস্ট্রার সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সভাস্থল থেকে কোনো কারণ ছাড়াই ইউসুফ চৌধুরীকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে নিয়ে যাওয়া হয় এবং পরে জেলহাজতে পাঠানো হয়। এভাবে বিনা কারণে গ্রেপ্তারের ঘটনায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।