মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মানবিক সহায়তার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের (৪২) হাতে দেশে প্রত্যাবর্তনের জন্য একটি এয়ার টিকিট হস্তান্তর করেন।
উল্লেখ্য, উক্ত এয়ার টিকিটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে প্রদান করা হয়।
কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন যাবৎ গুরুতর হৃদরোগজনিত শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্ন গ্রহণের লক্ষ্যে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
এ সময় মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে এবং আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক মঙ্গল, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা যথাযথ ও কার্যকরভাবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি, শ্রমকল্যাণ, মানবিক সহায়তা এবং অন্যান্য সমস্যা-সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ হাইকমিশন নিবিড়ভাবে তদারকি ও প্রয়োজনীয় অনুসরণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় দূতাবাসের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব জনাব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি