নেদারল্যান্ডসকে নাটকীয় টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। দুর্দান্ত এই জয়ের পর দলটির প্রধান কোচ মোহামেদ ওয়াহবি বলেছেন, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের জন্য আলাদা সম্মান অর্জন করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
মন্তেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো।
কাতার বিশ্বকাপে আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়া মরক্কো এবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে চলেছে। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়ার পর নকআউটে শক্তিশালী নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়েছে তারা।
ম্যাচ শেষে ওয়াহবি বলেন, মরক্কো এখন আর কাউকে কিছু প্রমাণ করার অবস্থায় নেই। মরক্কো এখন সবার সম্মান অর্জন করেছে। এটা শুধু কথার মাধ্যমে নয়, আমরা মাঠে আমাদের পারফরম্যান্স দিয়েই সেটা প্রমাণ করেছি।
পরিসংখ্যানেও ছিল মরক্কোর আধিপত্য। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। গোলের উদ্দেশে ১১টি শট নেয় মরক্কো, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডস ছয়টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
এই পারফরম্যান্সে সন্তুষ্ট ওয়াহবি বলেন, ‘দল শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে আমরা আধিপত্য করেছি। বলের দখল, শট এবং প্রত্যাশিত গোল, সব দিক থেকেই আমরা এগিয়ে ছিলাম। আমরা শান্ত থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি এবং ম্যাচকে নিয়ন্ত্রণ করেছি।’
টাইব্রেকার নিয়ে দলের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন মরক্কো কোচ।
তিনি বলেন,‘আমরা জানতাম, ম্যাচ যদি টাইব্রেকারে যায়, তাহলে আমাদের একজন অসাধারণ গোলরক্ষক আছে। তাই অযথা বিশৃঙ্খল ফুটবল খেলতে চাইনি। ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনাতেই অটল ছিলাম।’
৪৯ বছর বয়সী এই কোচের বিশ্বাস, ২০২২ বিশ্বকাপের ঐতিহাসিক সাফল্য মরক্কোর ফুটবলারদের মানসিকতায় বড় পরিবর্তন এনে দিয়েছে।
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কানাডা। তবে সহজ কোনো ম্যাচের আশা করছেন না ওয়াহবি। তিনি বলেন,‘আমরা যদি নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষে লড়তে পারব। কিন্তু ফুটবলে কেউ অপরাজেয় নয়। ভুল করলে আমাদেরও বিদায় নিতে হবে।’
বিডি প্রতিদিন/এম.এস