বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। টানা চতুর্থবারের মতো নকআউটের দ্বিতীয় ধাপে উঠেছে সুইসরা। একই সঙ্গে ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদও পেল তারা।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডারের অবিশ্বাস্য এক গোল মিস।
ম্যাচের শেষ দিকে সুইজারল্যান্ড তখন ২-০ গোলে এগিয়ে। ছয় গজ বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পান রিডার। সামনে গোলরক্ষক কার্যত অবস্থানের বাইরে, গোলপোস্টও ছিল প্রায় অরক্ষিত। এমন সুযোগে সাধারণত গোল হওয়াই নিয়ম।
কিন্তু অবাক করে দিয়ে রিডার শট নেন এতটাই দুর্বলভাবে যে বলটি গিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতেই চলে যায়। নিশ্চিত গোল হাতছাড়া হওয়ার সেই মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ফুটবলপ্রেমীদের অনেকেই এটিকে চলতি বিশ্বকাপের সবচেয়ে অবিশ্বাস্য গোল মিসগুলোর একটি হিসেবে আখ্যা দিচ্ছেন। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লিখেছেন, "সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচের হাইলাইটস দেখছিলাম। ফাবিয়ান রিডারের এই মিসটা কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে গোল মিস? অন্তত সেই আলোচনায় এটি অবশ্যই থাকবে।"
অবশ্য এই মিসে সুইজারল্যান্ডের জয়ে কোনো প্রভাব পড়েনি। ২-০ গোলের জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা।