বান্দরবান, বাংলাদেশের এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে দিগন্তজোড়া আকাশ, পাহাড়ি সমুদ্র ও প্রাকৃতিক দৃশ্যের মাধুর্য্যে ভরা একটি পরিবেশ, যা সত্যিই মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। তবে এই পাহাড়ি জেলা এখনও কিছু দিক থেকে পিছিয়ে রয়েছে, বিশেষত শিক্ষার ক্ষেত্রে। পাহাড়ি অঞ্চলের অনেক স্থানে শিক্ষা-দীক্ষা এখনও পৌঁছায়নি এবং এখানে শিক্ষার্থীরা নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে পড়ে।
এমন অবস্থায়, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বান্দরবানের খৈয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাবান বিতরণ করা হয়েছে, যাতে তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা নিয়ে আরো আগ্রহী হতে পারে।
২ ফেব্রুয়ারি রবিবার, ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের রোদ এসে যখন খৈয়াপাড়ার সবুজ পাহাড়ে আছড়ে পড়ছে, তখন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিদ্যালয়ে পৌঁছান। বিদ্যালয়ে পৌঁছানোর পর শিশুদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয় এবং তারা বসুন্ধরা শুভসংঘের দেয়া শিক্ষা উপকরণ ও সাবান পেয়ে আনন্দিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার শিক্ষকতা জীবনে এই স্কুলে কোনোদিন সম্পূর্ণ ছাত্র-ছাত্রী উপস্থিত হয়নি, কিন্তু শুভসংঘের এই মহৎ উদ্যোগ জানার পর আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই স্কুলে উপস্থিত হয়েছে। আমাদের স্কুলের অভিভাবকরা খুব গরিব এবং তাদের পক্ষে শিক্ষা সামগ্রী বা স্কুল ড্রেস দেয়া সম্ভব নয়। শুভসংঘের সাহায্যে আমাদের স্কুলটি আজ প্রাণবন্ত হয়ে উঠেছে।”
বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মার্মা বলেন, "বসুন্ধরা শুভসংঘ সবসময়ই শিশুদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হলো। আমরা বিশ্বাস করি, আজকের এই শিশুরা একদিন সমাজের নেতৃত্ব দেবে।"
সাধারণ সম্পাদক রবিন তংঞ্চঙ্গ্যা বলেন, "শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান - পরিশ্রম, অধ্যবসায় এবং সততার সঙ্গে তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করবে। তোমরা একদিন দেশের গর্ব হয়ে উঠবে।"
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন খৈয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী, অবিভাবকবৃন্দ, বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার শুভার্থী বন্ধু সুইথোয়াইসা মারমা, উবাসাইং মার্মা, উ হ্লা শৈ মারমা, মৈত্রীময় চাকমা।
বিডি প্রতিদিন/আশিক