ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলাকে সামাজিক আন্দোলনের হাতিয়ার হিসেবে তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
“মাদককে না বলুন, খেলাধুলা করে শরীর সুস্থ রাখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ এপ্রিল) ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় দুই দল—সভাপতি মাহমুদুল হাসান শোভনের নেতৃত্বে শহীদ নজরুল ইসলাম একাদশ এবং সাধারণ সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বে শহীদ একে কাইয়ুম একাদশ। মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্মরণে দলগুলোর নামকরণ করা হয়, যা আয়োজনটিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।
টসে জিতে শহীদ নজরুল ইসলাম একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৯৮ রান। দলের পক্ষে আজিজুল হক দুর্দান্ত ব্যাটিং করে ৫১ রান করেন। প্রতিপক্ষ একে কাইয়ুম একাদশের হয়ে রিপন হোসেন চারটি উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে একে কাইয়ুম একাদশ শুরু থেকেই চাপে পড়ে যায়। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সব উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র ৮৩ রান। দলের পক্ষে আশিকুর রহমান সর্বোচ্চ ৩৯ রান করেন। ফলে ১৫ রানের জয় পায় শহীদ নজরুল ইসলাম একাদশ।
বল হাতে বিজয়ী দলের মাহমুদুল হাসান শোভন ও সুমন বসুনিয়া সমানভাবে দাপট দেখিয়ে তিনটি করে উইকেট শিকার করেন। পুরো ম্যাচটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোহাম্মদ রাসেল।
খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন আয়োজকরা। এ সময় বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দসহ ঢাকা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, মাদক আমাদের সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। মহান আল্লাহ তায়ালা মাদককে হারাম করেছেন। এটি মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতি করে। খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকুক।
সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, বর্তমান যুব সমাজের অন্যতম বড় সমস্যা মাদকাসক্তি। এর ফলে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে। মাদক স্বাস্থ্যের ক্ষতি করে, আর খেলাধুলা স্বাস্থ্যের উন্নতি করে। তাই মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।
ম্যাচ পরিচালনাকারী মোহাম্মদ রাসেল বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
শুভসংঘের বন্ধুরা বলেন, এই আয়োজন প্রমাণ করেছে, সচেতনতা তৈরিতে শুধু সভা-সেমিনার নয়, খেলাধুলার মতো ইতিবাচক মাধ্যমও হতে পারে শক্তিশালী সামাজিক আন্দোলনের হাতিয়ার। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী-বান্ধব আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/এমএল