ক্যারিয়ার সফলতায় সহশিক্ষা কার্যক্রম ও সফট স্কিল অর্জনের গুরুত্ব তুলে ধরতে বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও নবগঠিত কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবুল হোসেন মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল সাদিক নিরব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবুল হোসেন মন্ডল বলেন, বর্তমান সময়ের সবচেয়ে যুগোপযোগী সফট স্কিলের মধ্যে এ আই এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ায় এ আই টুল খুবই উপকারী। এসব সফট স্কীল শিখলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। বসুন্ধরা শুভসংঘের সকল সদস্যদের জন্য অনেক শুভকামনা তারা ভাল কাজের জন্য সবসময়ই থাকবে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। কলেজের নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে তাদের অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা চাই বসুন্ধরা শুভসংঘ আরও এগিয়ে যাক।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি সজীব সরকার বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সফট স্কিল অর্জনই একজন শিক্ষার্থীকে এগিয়ে রাখে। তারা শিক্ষার্থীদের বিতর্ক, সাংস্কৃতিক কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সজিব বলেন, সহশিক্ষা কার্যক্রম বা কারিগরী জ্ঞান একজন শিক্ষার্থীর জড়তা কাটিয়ে তোলে। ডিগ্রি হলো একটি পাসপোর্ট, কিন্তু আপনার সফট স্কিল এবং অভিজ্ঞতাই হলো সেই ইঞ্জিন যা আপনাকে সাফল্যের গন্তব্যে নিয়ে যাবে। তাই পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।
আলোচনায় বক্তারা আরও বলেন, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সময় ব্যবস্থাপনা ও দলগত কাজের অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করে। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি খুশবু হাসান রনি, সাংগঠনিক সম্পাদক আবু রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না, সুরভি জান্নাত ছোঁয়া, সাবিকুন নাহার লামিয়া, নারী বিষয়ক সম্পাদক শিমলা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আজিজা নাহার ইন্নি, প্রচার সম্পাদক সুলতান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুজানা আক্তার, দপ্তর সম্পাদক হাবিব, কার্যকরী সদস্য পারভেজ,আশিক, শিমা,তাসনিম,ঋতু, মেহেদী, জিনিয়া, তিশামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে