শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা দক্ষতা গড়ে তুলতে সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নবজীবন ইনস্টিটিউটের লাইব্রেরি কক্ষে আয়োজিত এ শিক্ষামূলক কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেখ বোরহান আলী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল বাকি।
কর্মসূচিতে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষভাবে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে জরুরি মুহূর্তে শিক্ষার্থীরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়।
এছাড়াও ভূমিকম্পের সময় নিরাপদ থাকার বিভিন্ন কৌশল—যেমন নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ, মাথা সুরক্ষিত রাখা এবং আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করা—সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান শিক্ষক শেখ বোরহান আলী তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, জীবনঘনিষ্ঠ দক্ষতাও আয়ত্ত করতে হবে। এ ধরনের কার্যক্রম তাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
বিশেষ অতিথি আব্দুল্লাহ আল বাকি বলেন, ‘বর্তমান সময়ে দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে’।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সদস্য রাসেল মাহবুব, রাশেদুল ইসলাম, আজমির হোসেন ও শিক্ষক মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, আব্দুল্লাহ আল মামুন, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, প্রিতম দাস, আরিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের বাস্তবমুখী উদ্যোগে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
বিপি প্রতিদিন/আরকে