নরসিংদীর শিবপুর উপজেলায় এক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। মানবিকতা আর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বসুন্ধরা শুভসংঘ।
এই উদ্যোগ শুধু একটি ঘর উপহার নয়, বরং এটি একটি পরিবারের জন্য নতুন স্বপ্ন, নিরাপত্তা ও সম্মানের প্রতীক হয়ে উঠেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সদস্যরা। আবাসন ব্যবস্থা নিশ্চিতে এই মহৎ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আন্তরিকতায় ভরপুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।
এ সময় তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। জয়নাল আবেদীন ভাইয়ের মতো একজন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে দারিদ্র্য অনেকটাই কমে আসবে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হানিফ মাহমুদ, বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার উপদেষ্টা আফজাল হোসেন মানিক ও সামসুল আলম বকুল।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, কো-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মো. শাহআলমসহ বিভিন্ন পর্যায়ের নেতরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের সহসভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক নাভিদ আহমেদ, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ, ক্রীড়া সম্পাদক সাফোয়ান হাসান সাবিত, সদস্য হাসিবুল সিয়াম ও জুয়েল কাউছার মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবীরা অংশ নিয়ে বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/আরকে