মেহেরপুরের গাংনী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত “আন্তঃ স্কুল স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা–২০২৬”-এর প্রথম পর্ব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী মেঘের চোখ রাঙানি উপেক্ষা করেও আয়োজকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।
সোমবার (৪ মে) উপজেলার বামুন্দী ইউনিয়নে অবস্থিত আর.বি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী একঝাঁক শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও উৎসাহ ছিল আকাশ ছোঁয়া।
৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. তিশা খাতুন প্রথম স্থান অর্জন করে অনুভূতি প্রকাশ করে বলেন, “স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমরা সাধারণভাবে জানতাম। কিন্তু এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অতিথিদের আলোচনায় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে নতুন করে জানতে পেরেছি।”
অষ্টম শ্রেণির প্রথম পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী হুমায়রা হিয়া বলেন, “স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক বিতর্কিত বিষয় ছিল, যা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে।”
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুন্দী ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিক কর্মী আ: হান্নান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাকিবুল ইসলাম (ডাক্তার), রামনগর বাজার কমিটির সদস্য শিপলু মিয়া, ক্যাপ্টেন (অব.) সামসুজ্জোহা,অভিভাবক মোছা. রিক্তা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠানের পরিচালক মো. সবুজ খান,বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা মো. মাহবুবুর রহমান,সহসভাপতি এস এম তারেক,সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন শিহাব,কার্যকরী সদস্য ইয়াছিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বস্নীলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্বাগত বক্তব্যে অতিথিরা মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। উপদেষ্টা মো. মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের অবদান নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার স্বাধীনতা যুদ্ধে অস্থায়ী মুজিবনগর সরকারের ভূমিকা ব্যাখ্যা করেন।
প্রতিষ্ঠানের পরিচালক মো. সবুজ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান, সাহিত্য ও ইতিহাস চর্চা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ছোটগল্প ও উপন্যাসের বই প্রদান করা হয়েছে। এ জন্য বসুন্ধরা শুভসংঘের সম্মানিত পরিচালক জাকারিয়া জামানকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
সভাপতি রাজু আহমেদ বনি জানান, “এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আমাদের লক্ষ্য। আগামী তিন মাসে তিনটি পর্বে এই আন্তঃ স্কুল স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা–২০২৬ সম্পন্ন করা হবে।”
বিডি-প্রতিদিন/এমএল