জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখা এই সভার আয়োজন করে।
‘ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সদস্যরা বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতা, বিসিএস প্রস্তুতি এবং করপোরেট সেক্টরে নিজেকে উপস্থাপনের জন্য কি কি বই পড়া লাগবে, কীভাবে শুরু করা যায় এসব বিষয় নিয়ে সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় সদস্যরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রস্তুতির অভিজ্ঞতা ও বিভিন্ন কৌশল একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা পেতে পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তারা।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার প্রচার সম্পাদক রিফাত বিন নুর জানান, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে বর্তমানে সফল হওয়া কঠিন। এর জন্য প্রয়োজন ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং নেতৃত্বের গুণাবলি। বর্তমান প্রতিযোগিতামূলক এই বাজারে বুকিশ নলেজের বাহিরেও নিজেকে বিভিন্ন দিকে দক্ষ করতে হবে। এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগোতে হবে। একইসঙ্গে বিকল্প পথও আগে থেকেই আমাদের ঠিক করে রাখতে হবে।
সাধারণ সম্পাদক সানজিদা খানম বলেন, আমরা শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি নিজেদের কর্মজীবনের জন্য একধাপ এগিয়ে রাখতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি যেমন সচেতন রাখবে তেমনি নিজেদের গুছিয়ে রাখতে সাহায্য করবে।
সভাপতি প্রত্যাশা রানী সবার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ক্যারিয়ার বিষয়ক এই আলোচনা সভাটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি আয়োজন ছিল। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা খুবই প্রয়োজন। আজকের এই আয়োজনে উপস্থিত বক্তাদের মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষার্থীকে। বিশেষ করে বসুন্ধরা শুভসংঘ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা রাখছি।
বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার আয়োজিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পরান চন্দ্র রায়, দফতর সম্পাদক কে. এম. জাহিদ বিন খালিদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শরীফ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জান্নাতারা ফেরদৌস এলসা, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের বৃত্তিপ্রাপ্ত সদস্যরা।
বিডি-প্রতিদিন/টিএ