পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসা আর অনন্ত ত্যাগের প্রতীক ‘মা’কে ঘিরে আবেগঘন আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বিশ্ব মা দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে অনুষ্ঠিত হয়েছে ‘আমার মা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা।
রবিবার বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে সাতনালা দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
৩০০ শব্দের রচনায় শিক্ষার্থীরা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আত্মত্যাগের নানা গল্প তুলে ধরে। কেউ লিখেছে মায়ের কষ্টের কথা, কেউবা মায়ের স্বপ্ন ও সংগ্রামের কথা। ছোট ছোট লেখনীর মধ্য দিয়ে ফুটে ওঠে পারিবারিক মূল্যবোধ, মানবিক শিক্ষা ও সন্তানের হৃদয়ে মায়ের অমূল্য অবস্থান। অনেক শিক্ষার্থীর লেখায় মায়ের প্রতি গভীর অনুভূতির প্রকাশ উপস্থিত অতিথিদেরও আবেগাপ্লুত করে তোলে।
আয়োজকেরা জানান, শুধু প্রতিযোগিতা নয়, বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বইমুখী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। বিশ্ব মা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন মানসিক প্রশান্তি দিয়েছে বলেও জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. জুবায়ের রহমান। তিনি বলেন, মা একজন সন্তানের প্রথম শিক্ষক। মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই একজন মানুষ মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।
বিশেষ অতিথি ও রংরেখা একাডেমির পরিচালক এ.এম জে রফিক বলেন, মাকে নিয়ে লেখালেখি ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের চিন্তা ও অনুভূতির জগৎকে সমৃদ্ধ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আশুতোষ রায়, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, নিলীমা রায়, পারভীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণিতে বিজয়ীরা হলো—ষষ্ঠ শ্রেণিতে প্রথম সারাহ খাতুন সুজানা ও দ্বিতীয় মায়মুনা, সপ্তম শ্রেণিতে প্রথম ফারিহা ও দ্বিতীয় সাইফুল্লাহ, অষ্টম শ্রেণিতে প্রথম সোহানা ও দ্বিতীয় আতিয়া ইবনাত, নবম শ্রেণিতে প্রথম আলিফ নূর ও দ্বিতীয় ইশরাত জাহান আলিফ এবং দশম শ্রেণিতে প্রথম জয় রাম রায় ও দ্বিতীয় সুমাইয়া আক্তার।
বিডি-প্রতিদিন/এআইএস