বরগুনার আমতলীতে শিশু-কিশোর ও সাধারণ মানুষের মাঝে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘ফাস্ট ফুড ও স্ট্রিট ফুড খাবারে স্বাস্থ্যঝুঁকি’ বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আমতলী উপজেলার আমতলী এ.কে হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. আল আমিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক টি.এম রেদওয়ান এবং সদস্য কামরুল হাসান সাইমন, নাজমুল আহসান, নয়ন দাস ও মিরাজ শিকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক জীবনযাত্রায় ফাস্ট ফুড ও স্ট্রিট ফুডের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ ধরনের খাবার গ্রহণের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসব খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও সংরক্ষণ করা হয়, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত তেল, চর্বি, কৃত্রিম রং ও রাসায়নিক উপাদানযুক্ত খাবার নিয়মিত খেলে পেটের নানা রোগ, খাদ্যে বিষক্রিয়া, স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া দীর্ঘমেয়াদে এসব খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয়।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের খাদ্যাভ্যাসের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেন, ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা জানান, সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। আয়োজন শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/টিএ