চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর জীবন রক্ষায় প্রায় ২ কোটি টাকা মূল্যের চিকিৎসা-সরঞ্জাম দিয়েছে চট্টগ্রামভিত্তিক ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। গতকাল হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল টাইম ৪-ডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে যে বাজেট তা অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কেএসআরএমের এমন সহায়তায় রোগীদের অনেক উপকার হবে। অনুষ্ঠানে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, মূল্যবান এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে।