নাটোরের গুরুদাসপুরে পার-গুরুদাসপুর ব্রিজ সংলগ্ন রাজ্জাক মোড়ে সড়কের প্রায় চার শতক জায়গা দখলমুক্ত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন রাস্তার মোড়ের দুই পাশে অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধার করা হয়।
অভিযানকালে দখল করা সড়কের পিলার ও বাঁশ-খুঁটি উচ্ছেদ করা হয়। পাশাপাশি দুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, আব্দুর রহিম ও বুদু মিয়া সড়কের সরকারি পিলার অপসারণ করে নিজেদের বাড়ির সীমানা নির্মাণ করেছিলেন। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছিল।
অভিযানের পর মোড়টি প্রশস্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম ও নাইমসহ এলাকাবাসী জানান, মোড়টি এখন অনেক প্রশস্ত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কমেছে এবং সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল