কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। ফলে তিস্তার চরের অনেক ফসল ডুবে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক সাইফুল আরেফিন বলেন, পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তার চরের প্রায় ২'শ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। তবে এতে তেমন ক্ষতি হবে না। কারণ তিস্তার পানি খুব দ্রুত নেমে যায়।
নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শনিবার ভোর থেকে কিছুটা বেড়েছে। এভাবে পানি বাড়লে ফসল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়।
চর গড্ডিমারীর কৃষক আক্কাস আলী বলেন, পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরে আবাদ করা দুই বিঘা জমির বাদাম তলিয়ে গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হবে।
চর রাজপুরের কৃষক অনিল চন্দ্র বলেন, চরে সবজি আবাদ করেছিলাম, হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সেই ফসল তলিয়ে গেছে।
চর ভোটমারীর কৃষক ফরহাদ আলী বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে দুই বিঘা জমির ধান ডুবে গেছে।
তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শনিবার ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরের কিছু জমির ফসল তলিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/টিএ