বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাকিতে জুস না দেওয়ায় দোকনদার মো. মুজাহিদুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক বাইজিদ শেখকের (৪০) বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত দোকনদার মুজাহিদুল ইসলাম হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে ও অভিযুক্ত বাইজিদ শেখ একই গ্রামের বাদশা শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে আরও জানান, বৃহস্পতিবার সকালে মুজাহিদুল ইসলামের দোকানে জুস কিনতে যায় বায়জিদ। এ সময়ে পূর্বের বকেয়া পরিশোধ না করলে বায়জিদের কাছে আর বাকিতে কোনকিছু বিক্রি করা হবে না বলে জানান মুজাহিদুল ইসলাম। এ কথা শুনে বাইজিদ উত্তেজিত হয়ে দোকানদারের সাথে বাকবিন্ডা শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ হঠাৎ কাচি দিয়ে মুজাহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় ও তাকে আটক করে গণপিটুনি দিতে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে আটক করা হয়। মুজাহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/এআইডি