গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এসব পোনা অবমুক্ত করা হয়। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি এস এম জিলানী বলেন, খুব শিগগিরই কোটালীপাড়ার দখলকৃত খালগুলো উদ্ধার করা হবে।
এর আগে তিনি কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ