লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুলাভাই, পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।
রবিবার (৩১ মে) বিকেলে লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে যান আব্দুল মমিন। রবিবার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তানিয়া ও আব্দুল মমিন সড়কে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আব্দুল মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এমএল