লক্ষ্মীপুরের কমলনগরে একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আরিফ হাজিরহাট হামেদিয়া মাদ্রাসার শিক্ষক মো. আক্তার হোসেনের ছেলে ও তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা।
নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু জানান, আরিফ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। সে দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল। তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আরিফ সাঁতার জানত না। কোনো কারণে পুকুরে নামার পর সে পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিহত আরিফ মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি