ময়মনসিংহের ভালুকায় কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার মেজর ভিটা এলাকায় কমলা উন্নয়ন প্রকল্পের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ড. মো. সালাহউদ্দিন কায়সার, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার), সেলিনা পারভীন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এবং ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
বক্তারা বলেন, GAP সার্টিফিকেশন কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং আন্তর্জাতিক মানের কৃষিপণ্য উৎপাদনে উৎসাহিত হবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের GAP-এর বিভিন্ন নীতিমালা, নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিপণ্যের ট্রেসেবিলিটি বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে GAP সার্টিফিকেশন সনদ (সার্টিফিকেট) বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কেকে