শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে মনি আক্তার (৩১) নামে এক নারীকে মারধর, চুল কেটে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে অপদস্থ করার অভিযোগ উঠেছে। এ সময় তার মুখে আলকাতরা মেখে গলায় জুতার মালা পরানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শনিবার সকালে পৌর এলাকার উত্তর পালংয়ের শাবনূর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে প্রতিবেশী দেলোয়ার দপ্তরির পরিবারের সঙ্গে মনি আক্তারের বিরোধ ছিল। আপোষের কথা বলে তাকে ডেকে নেওয়ার পর মারধর করা হয়।
ভুক্তভোগী মনি আক্তার বলেন, আমি কোনো মাদক বিক্রি করি না। আমার মোবাইল ফোন যাচাই করে দেখলেও কোনো প্রমাণ পাওয়া যাবে না। দেলোয়ার দপ্তরি আমার কাছ থেকে টাকা নিয়েছে। সেই টাকার প্রমাণ হিসেবে সে নিজেই স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়েছে। এখন সেই স্ট্যাম্প ফেরত নিতে তার পরিবারের সদস্যদের দিয়ে আমাকে মারধর করেছে। পলক হকস্টিক দিয়ে আমাকে পিটিয়েছে। আমি এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে টেনে এনে নির্যাতন করা হয়। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। দেলোয়ার দপ্তরির মেয়ে মৌসুমী আক্তার বলেন, আজ তাকে আপোষের জন্য ডাকা হয়েছিল। কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে মহিলাদের মধ্যে হাতাহাতি হয়। এছাড়া তিনি দাবি করেন, সে মাদক বিক্রি করে। তাকে তল্লাশি করলে মাদক পাওয়া যাবে।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। তিনি সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কেকে