যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক আলী রেজা রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটকের মাধ্যমে অভিযুক্ত আলী রেজা রাজুর পরিচয় হয়। পরে তিনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।
এরপর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে রাজু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কেকে