চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিওকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবরের ছেলে।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ অ্যাগ্রোটেক লিমিটেডের একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ট্রাকটি আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণপিটুনি দেন। একপর্যায়ে সুযোগ বুঝে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি