‘মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানির শ্রমিক মো. গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দিতে হবে। কর্মরত অবস্থায় কারখানার মেশিনে গোলাম রসুলের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই পঙ্গুত্ববরণ করা গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব ইপিজেড কোম্পানিকে নিতে হবে।’
শুক্রবার সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজারের মোড়ে হাত বিচ্ছিন্ন হওয়া ইপিজেড শ্রমিক মো. গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। চাঁদপাই গ্রামবাসী ও মো. গোলাম রসুলের স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ-এর সভাপতি মো. নূর আলম শেখ। এতে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দুর্জয় ও পরিবেশকর্মী মেহেদী হাসান।
বক্তারা আরও বলেন, কারখানার মেশিনে গোলাম রসুলের হাত বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। সময়মতো উন্নত চিকিৎসা দেওয়া হলে ক্ষতি কম হতো।
কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমালোচনা তারা বলেন, শ্রমিক স্বল্পতার কারণে কতিপয় শ্রমিককে অতিরিক্ত বাড়তি দায়িত্ব পালন ও কঠোর পরিশ্রম করতে হয়। যে কারণেই মো. গোলাম রসুল দুর্ঘটনার শিকার হয়েছেন। শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়ায় পঙ্গুত্ববরণ করে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। এই কারণে গুরুতর আহত গোলাম রসুলকে কর্মহীন থাকতে হবে। তাই বক্তারা গোলাম রসুলের উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
বক্তারা চিকিৎসায় অবহেলার জন্য কারখানা কর্তৃপক্ষের তীব্র সমালোচনা ও নিন্দা জানান।
বিডি প্রতিদিন/কেএইচটি