নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তবে কোনো হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪৭টি মনোনয়ন বৈধ এবং ১৫টি বাতিলযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ সমর্থকের শর্ত সঠিকভাবে পূরণ না হওয়ায় বেশিরভাগ মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া কয়েকজন প্রার্থীর মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল