দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও অভ্যন্তরীণ মতভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থান ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, তিনি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে উপস্থিত হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমউল্লাহ বাহারের নেতৃত্বে নেতাকর্মীরা সুসংগঠিত বলে তিনি উল্লেখ করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় ফটিকছড়িতে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার বলেন, অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে তারা এখন একই লক্ষ্যে অবিচল। একসময় দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দল সরওয়ার আলমগীরকে মনোনয়ন দিয়েছে এবং সেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করা হয়েছে। এখন কোনো বিভেদ নেই, লক্ষ্য একটাই—ফটিকছড়িতে দলের বিজয়।
মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সদস্য জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, হোসাইন আহমদ মিয়াজী, শহীদুল আজমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা জানান, শীর্ষ নেতাদের এই মিলন ও কোলাকুলির মধ্য দিয়ে ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল