আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় দলের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং ইসলামপ্রিয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস ও নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শুয়াইব আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা