বরিশাল-৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মনিষা চক্রবর্তী তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবিতে বরিশালের রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) তিনি রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের কাছে এ আবেদন করেন। এর আগে, গত শুক্রবার হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতি থাকায় বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।
আবেদনে মনিষা চক্রবর্ত্তী উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর বরিশাল-৫ আসনে বাসদের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। ফরমের নীল কাগজের হলফনামায় স্বাক্ষর দিয়ে নোটারি করা হয় এবং একই ধরনের ৩০০ টাকার স্ট্যাম্প জমা দেওয়া হয়। তবে ভুলবশত হলফকারীর স্বাক্ষরের একটি স্থান খালি থেকে যায়, যা একটি সংশোধনযোগ্য ও সারবত্তাহীন ত্রুটি।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী এ ধরনের ত্রুটি সংশোধনের সুযোগ রয়েছে। পরিপত্রের ২-এর ১৬ নম্বর ধারা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ৩০০ টাকার স্ট্যাম্পের হলফনামায় স্বাক্ষর গ্রহণ করে স্থগিতাদেশ বাতিল করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করতে পারেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ