আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া জাতীয় পার্টি ও স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি. এম. নাগিব হোসেন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম বা ঘাটতি না পাওয়ায় স্থগিত হওয়া মনোনয়নপত্র দুটি বৈধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মনোনয়নপত্র দুটি বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় ৯৩ নম্বর নড়াইল-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ১৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ২ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ