সিলেট-৬ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই শেষে আয়কর রিটার্নের কাগজের মূল কপির বদলে ফটোকপি সংযুক্ত করায় তার আবেদন স্থগিত হয়েছিল। পরে মূল কপি জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেন, আয়কর রিটার্নের মূল কপি জমা না দেওয়ায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র স্থগিত করেছিল। কিন্তু বিষয়টি নিয়ে জলঘোলা করার চেষ্টা করেছে বিভিন্ন মহল। আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে ফেসবুকে ছড়ানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি। প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর আজ নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।
বিডি প্রতিদিন/কেএ