কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাহাবুবুল আলম সালেহীর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
রবিবার এ ঘটনা কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, গত ২ জানুয়ারি মাহাবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতার কারণে মনোনয়নপত্র স্থগিত করা হয়। নিয়ম অনুযায়ী আজ রিটার্নিং কর্মকর্তার অফিসে মাহাবুবুল আলম সালেহী তার লোকজনসহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে অফিসে হাজির হন।
তবে দাখিল করা কাগজপত্রেও দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি মীমাংসিত না হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে আপিলের পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্ত জানালে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা হট্টগোল শুরু করেন।
মাহাবুবুল আলম সালেহী অভিযোগ করেন, 'রিটার্নিং কর্মকর্তা আমাদের কোন কথা শোনেননি এবং আমার কোনো কাগজপত্র দেখতেও চাননি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।'
অন্নপূর্ণা দেবনাথ বলেন, 'নির্বাচনী নীতিমালা ও আইনের মধ্যে থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এখানে পক্ষপাতিত্ব কিংবা প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন।'
বিডি-প্রতিদিন/এমই