ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিনে ফরিদপুর-১ আসনে দাখিল করা ১৫ প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে যাচাই-বাছাইয়ে ৭ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় এবং বিভিন্ন ত্রুটির কারণে দলীয় ৮ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে স্থগিত হওয়া প্রার্থীদের বিকেল ৪টা পর্যন্ত ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর পুনরায় যাচাই করে ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা:
জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, শামসুদ্দিন মিয়া ঝুনু, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো ও লায়লা আরজুমান বানু।
বৈধ ঘোষিত সাত প্রার্থী:
বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের মো. ইলিয়াস মোল্লা, জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, স্বতন্ত্র মো. আবুল বাসার খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ শরাফাত হোসাইন।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, 'স্থগিত থাকা প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনী কাগজপত্র জমা দেওয়ায় বিধি অনুযায়ী যাচাই করে সাত জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।'
বিডি-প্রতিদিন/এমই