আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য জাতীয় গণভোটের গুরুত্ব তুলে ধরতে মেহেরপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে ‘সুপার ক্যারাভান’।
রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর পৌর শহরের সামসুজ্জোহা পার্কে ক্যারাভানটি অবস্থান করে জনসাধারণের মাঝে ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাতুনে জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, ‘ভোটের গাড়ি’র মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয় তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামের ১০টি বিশেষায়িত গাড়ি নিয়ে ২২ ডিসেম্বর থেকে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন