ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। রবিবার পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।
যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের ৩ জনের মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও-২ আসনের ৮ জন ও ঠাকুরগাঁও-৩ আসনের ৯ জনসহ মোট ২০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের একজনের মনোনয়ন বাতিল করা হয়।
ঠাকুরগাঁও-১: এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২: ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ, এবি পার্টির মো. নাহিদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদ।
ঠাকুরগাঁও-৩ : এই আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, মুসলিম লীগের খলিলুর রহমান এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ।
বিডি-প্রতিদিন/সুজন